ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত'র বিভিন্ন অসুখ, চিকিৎসা ও পরামর্শ

আই বি এস (IBS-Irritable bowel syndrome)

এটা অন্ত্রের দীর্ঘ মেয়াদী একটি বৈকল্য যা সাধারণত পেটের ব্যথা হিসেবে নিজেকে জানান দেয়। আই,বি,এস রোগের জন্য এখনো কিছুকে একক ভাবে দায়ী করা যায়নি। সাধারণত ২০-৪০ বছরের মহিলাদের এবং মানসিক ভাবে অস্থির প্রকৃতির লোকদের মধ্যে আই,বি,এস এর প্রবণতা বেশী দেখা যায়।

পেটের নীচের অংশের যেকোনো একপাশে বা মাঝখানে ব্যথা, সেই সাথে ঘন ঘন নরম মলত্যাগ অথবা দীর্ঘ মেয়াদী কোষ্ঠকাঠিন্য আই,বি,এস রোগীদের অভিযোগের প্রথম তালিকায় থাকে। সাধারণত সকালের দিকে অথবা কোনো উত্তেজনাময় মুহুর্তে হঠাৎ করে মলত্যাগের চাপ অনুভব করা আই,বি,এস রোগীর একটি অতিপরিচিত উপসর্গ। এছাড়া পেট ভরা ভরা লাগা, পেটে ভুট ভাট শব্দ করা, অতিরিক্ত বায়ু (Flatus) ত্যাগ করা বা মলত্যাগের পর ও মলাশয়ে কিছু রয়ে গেছে এই অনুভূতি গুলোও আই,বি,এস রোগী প্রতিনিয়ত অনুভব করে থাকেন।
অনেক সময় বৃহদন্ত্রের ক্যন্সার বা টিউমার হলেও রোগীর এই ধরনের অনুভূতি হয়ে থাকে তাই আই,বি,এস এর মতো উপসর্গ নিয়ে আসলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ কোলোনোস্কোপি (Colonoscopy), ব্যারিয়াম এনেমা (Barium enema)এই জাতীয় পরীক্ষাগূলো করে ক্যান্সার এর সম্ভাবনা নাকচ করে থাকেন।
আই,বি,এস রোগের চিকিৎসার জন্য রোগীকে আশ্বস্ত করা চিকিৎসার খুব জরুরী একটি অংশ। পুরো রোগটি বুঝতে পারলে অনেক রোগীই উপসর্গ নিয়ন্ত্রনে উন্নতি করে। পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ বা Gastroenterologist এই রোগের নিয়ন্ত্রনে সর্বাপেক্ষা পারদর্শী। কোষ্ঠ কাঠিন্য বা ঘন ঘন মলত্যাগের জন্য বেশ কিছু ফলপ্রসু অসুধ ও এখন বাজারে পাওয়া যায়। একজন আই,বি,এস রোগীই ভালো জানেন কিসে কিসে তার সমস্যা হয়, সযত্নে সে সকল জিনিস পরিহার করে তিনি নিজেই অনেক ভালো থাকতে পারেন।
^উপরে যেতে ক্লিক করুন